বং দুনিয়া ওয়েব ডেস্ক: গত ২৬শে জুলাই তারিখে বড়ো পর্দায় মুক্তি পেলো জনপ্রিয় বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ‘জাজমেন্টাল হে ক্যা’। তবে দুঃখের বিষয়, ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে।
বড়ো পর্দার জনপ্রিয় তারকাদের জীবনযাপন সম্পর্কে আমাদের সকলেরই যথেষ্ট ধারণা আছে। তাতে সকল তারকার জীবনযাপনে আর কিছু মিল না পেলেও একটা জিনিসে কিন্তু প্রত্যেকেই সমান। তারকা মানেই দামী, ব্র্যান্ডেড, জৌলুষপূর্ণ পোশাকই তাঁদের গায়ে দেখতে পাওয়া যাবে। গুটিকতক অভিনেতা-অভিনেত্রী বাদে আর সকলের ক্ষেত্রেই এই ব্যাপারটি সমান, স্বাভাবিক। তবে এই গুটিকতকের সংখ্যা খুবই কম, বিশেষ করে বলিউড ইন্ডাস্ট্রি’তে তা আরও বিরল।
কিন্তু সম্প্রতি এ’কথা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিলেন জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলিউডের অভিজ্ঞ অভিনেত্রী’দের মধ্যে বর্তমানে প্রথম সারিতেই পড়েন কঙ্গনা, যদিও আর সকলের মতো ক্যামেরার সামনে বেশী আসতে পছন্দ করেন না তিনি। এমনকি সামাজিক গণমাধ্যমেও খুব একটা দেখা যায়না কঙ্গনা’কে; সামাজিক গণমাধ্যম ব্যবহার করতে খুব একটা পছন্দ করেন না তিনি, একথা নিজেই জানিয়েছেন কঙ্গনা।
সম্প্রতি বিশেষ কাজে জয়পুর যাচ্ছিলেন কঙ্গনা। সেই সময়ই মুম্বাই বিমানবন্দরে সম্পূর্ণ নতুন রূপে দেখা মিলল অভিনেত্রীর। এতো বড়ো তারকা হওয়া স্বত্বেও খুবই সামান্য একটি শাড়ি পড়ে বিমানবন্দরে হাজির হয়েছিলেন কঙ্গনা। এই ধরণের শাড়ি সাধারণত আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারের বউদেরকে পড়তে দেখা যায়। শাড়ির দাম জানেন? শুনলে অবাক হবেন, কঙ্গনা রানাওয়াত এর গায়ে থাকা শাড়ির দাম মাত্র ৬০০ টাকা।
না, মিথ্যা নয়। কঙ্গনার বোন রাঙ্গোলি চান্ডাল নিজে টুইট করে জানান, মাত্র ৬০০ টাকা দিয়ে কলকাতার বাজার থেকে শাড়ি’টা আনিয়েছেন কঙ্গনা। উল্লেখ্য, এতো কম দামে এরকম ভালো পোশাক পাওয়া যায় দেখে অবাক হয়েছিলেন অভিনেত্রী।
এমনকি এপ্রসঙ্গে অভিনেত্রী নিজে তার ভক্তদের আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের দেশের খেটে খাওয়া মানুষরা কত অসাধারণ কাজ করে যাচ্ছেন অথচ কত সস্তা উপার্জন করছেন। তাই আমাদের উচিত নিজেদের দেশীয় পণ্যের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া। বিদেশি ব্র্যান্ডের পেছনে না ছুটে দেশি এসব পোশাকে নজর দেয়া উচিত।







