Categories: পশ্চিমবঙ্গ বর্তমান সময় ভারত রাজনীতি

‘আমরা বাঙালি তাই বাংলা নাম চাই’ মোদির দরবারে গেলেন বাংলার বারো জন তৃণমূল সাংসদ

পশ্চিম বাংলার নাম ‘বাংলা’ রাখার আবেদন আগেই খারিজ করে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । আবার রাজ্যের নাম ‘বাংলা’  করার আর্জি জানিয়ে নরেন্দ্র মোদির আগেই চিঠি দিয়েছিলেন মমতা ব্যানার্জি ।  বুধবার এই ব্যাপারটা নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,  সুদীপ বন্দ্যোপাধ্যায়,  সৌগত রায় সহ তৃণমূলের 12 জন সংসদ ।

অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ  রাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন,  রাজ্যের নাম বদলের  জন্য সংবিধানে সংশোধনের প্রয়োজন । কিন্তু সেই ধরনের কোন প্রস্তাব আপাতত নেই । উপরন্তু প্রতিবেশী দেশের নাম বাংলাদেশ হবার কারণে বাংলাদেশের সঙ্গে নামের মিল থাকায় পশ্চিম বাংলার নাম ‘বাংলা’  করা সম্ভব নয় ।

এই দিন 12 জন সংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শরণাপন্ন হয়ে প্রায় 30 মিনিট তার সাথে কথা বলেন । প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং শেষ করে তৃণমূলের সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন,  “প্রধানমন্ত্রী তাদের বক্তব্য ধৈর্য ধরে শুনেছেন । রাজ্যের ইতিহাস নিয়ে তিনি জানতে চেয়েছেন” । অবশ্য তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল প্রয়োজনে এই সংক্রান্ত সংবিধান সংশোধনী প্রস্তাব চলতি অধিবেশনেই যাতে আনা যায় সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে করেছিল ।

সূত্রের খবর,  এদিন প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেস সাংসদের সৌজন্যে দেখিয়ে নানান বিষয়ে খোঁজখবর নেন ।  এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনায় জখম চোখের অবস্থা এবং চিকিৎসার ব্যাপারেও তিনি জানতে চান । জানা গেছে প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনায় তৃণমূল সাংসদরা মুগ্ধ ।

উল্লেখ করা যেতে পারে এর আগে রাজ্যের নাম ‘বাংলা’  করার প্রস্তাব বিধানসভায় পাস করিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক-এ পাঠানো হয় ।  অপরদিকে হুগলির বিজেপি সংসদ লকেট চট্টোপাধ্যায় রাজ্যের নাম বদল এর বিরোধিতা করে জানিয়েছেন,  “এটা আসলে ইতিহাস কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা । এর নেপথ্যে আসল লক্ষ্য প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে অস্বীকার করা ।”

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.