Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বৈঠক, চালু হচ্ছে ঢাকা-আগরতলা ফ্লাইট

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বৈঠক হয় গত বৃহস্পতিবার ৩ অক্টোবর। এ বৈঠকে সিদ্ধান্ত হয় ঢাকার সঙ্গে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার সরাসরি ফ্লাইট চালুর। এ বৈঠক দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত হয়। ভারতের গণমাধ্যমে বলা হয় সাক্ষাতে বিপ্লব কুমার আগরতলা-ঢাকা সরাসরি ফ্লাইট চালুসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘ত্রিপুরাকে বাংলাদেশ ঘিরে থাকায় ত্রিপুরা ও বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমার আগরতলা থেকে ঢাকা সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুরোধে আগ্রহ প্রকাশ করেছেন ম্যাডাম হাসিনা।’

জানা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে অবাধ গাড়ি চলাচলের উদ্যোগ- বিবিআইএন চালুর বিষয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন, এ ব্যাপারে বাংলাদেশের অবস্থান ইতিবাচক। শিগগিরই এ  ব্যাপারে একটি চুক্তির ঘোষণা দেওয়া হবে। প্রসঙ্গত বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পরেন এ মুখ্যমন্ত্রী। পৌরাণিক যুগে ইন্টারনেটের ব্যবহার কিংবা গৌতম-বুদ্ধের পায়ে হেঁটে সাগরপার নিয়ে মন্তব্য করে আগেই বিতর্কে জড়িয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ২৮ আগস্ট , ২০১৮ য় তিনি বলেন , খাল-বিল, নদী অথবা জলাশয়ে হাঁস সাঁতার কাটলে স্বাভাবিকভাবেই জলে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.