বং দুনিয়া ওয়েব ডেস্ক: রেস্টুরেন্টে ঢুকে মেনু দেখে পছন্দের খাবার অর্ডার দিন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। কি, বিশ্বাস হল না তো? হওয়ার ও কথা নয়। কিন্তু, বিগত ২০১১ সাল থেকে এমনটা চলে আসছে দুবাই-এর ‘ফুল ও হুমুস’ রেস্টুরেন্টে।
বিগত ২০১১ সালে জর্ডানবাসী ফাদি আইয়াদ গরীব মানুষ’দেরকে বিনামূল্যে খাদ্য পরিবেশনের জন্য এই রেস্টুরেন্টটি চালু করেন। এরপর থেকে এখনও পর্যন্ত বিনা পয়সায় খাবার দেওয়া হয় এখানে। দুবাই এর বার্শা শহরে অবস্থিত এই রেস্টুরেন্ট এর বাইরে ঝোলানো সাইনবোর্ডে আরবি ও ইংরেজি’তে লেখা রয়েছে, “আপনি যদি কিনতে না পারেন, তাহলে আপনার জন্য ফ্রি। আমাদের খাবার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার।”
প্রতিদিন এখানে ৩০-৩৫ জন মানুষকে বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয়ে থাকে। অর্থ না থাকলেও রেস্টুরেন্টে ঢুকে পছন্দ মতো মেনু বলে দিন, সেটাই দেওয়া হবে আপনাকে। সব খাবার এখানে সম্পূর্ণ বিনামূল্যে। একারণে রেস্টুরেন্ট’টির এতটাই সুনাম ছড়িয়েছে যে, বাইরের দেশ থেকেও এই রেস্টুরেন্ট দেখতে আসে মানুষ। স্থানীয় যারা অর্থকষ্টে ভুগছেন, তারা প্রতিনিয়ত এই রেস্টুরেন্ট-এ খেতে আসেন।
রেস্টুরেন্ট এর মালিক ফাদি আইয়াদ এর বয়স এখন ৩৯। এই মহান উদ্দেশ্য নিয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, “বিনা মূল্যে সেবা দেওয়ার কারণে ব্যবসা আরও ভালোভাবে চলছে। যেহেতু আমার কিছু নৈতিক দায়িত্বও আছে। কারণ খাবার মানুষের একটি মৌলিক অধিকার। আমরা চাই, অর্থিকভাবে অস্বচ্ছলরা ক্ষুধায় যেন কষ্ট না পায়।”
কিন্তু রেস্টুরেন্টে তো খাবার বিনামূল্যে দেওয়া হয়, তাহলে ব্যবসা’র উন্নতি বলতে কী বলতে চেয়েছেন উনি? এর উত্তরে উনি জানান, “খাওয়ার পর ক্ষুধার্তদের হাসতে দেখে মনে পুলক অনুভব করি। তা টাকা-পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। এখানে যারা খেয়ে যান, তারা আবার আমাদের কাছেই আসেন। আমরা এ ধরনের ভালো কাজের প্রেরণা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের উৎসাহিত করি।”
This post was last modified on 6th সেপ্টেম্বর 2019 8:57 পূর্বাহ্ন