বং দুনিয়া ওয়েব ডেস্কঃ আমেরিকার দুর্ধর্ষ বাহিনী মার্কিন ডেল্টা ফোর্স সিরিয়ার ইদলিবের বারিশা চত্বর তখন ঘিরে ফেলেছে । চিনুক এবং ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে আকাশে অবস্থান নিয়েছে অপর একটি দল । গোলাগুলি চলছে গোপন আস্তানা থেকে বেরিয়ে আসা জঙ্গি এবং মার্কিন সেনাদের মধ্যে । হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ বসে এই গোটা অপারেশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ‘সিনেমার মতো’ দেখছেন তিনি ও তাঁর শীর্ষ উপদেষ্টারা ।
আইএস প্রধান আল বাগদাদিকে খতম করতে গিয়ে সুড়ঙ্গের ভিতরের রোমহর্ষক অভিজ্ঞতা হয়েছে সেই কথা বারে বারেই বলেছেন ডেল্টা ফোর্সের কম্যান্ডাররা । এবার রুদ্ধশ্বাস সেই ভিডিও এবং অপারেশনের কিছু সাদা-কালো ছবি প্রকাশিত হল পেন্টাগন থেকে ।
ডেল্টা ফোর্সের সঙ্গে এই অভিযানে ছিল মার্কিন নৌবাহিনী, সিরিয়া ও কুর্দের সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের মেরিন কর্পস জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, “বারিশার গোটা চত্বরটাই ছিল খানাখন্দে ভরা । ছোট বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছিল বাগদাদির কম্পাউন্ডের বাইরে। এইসব গর্তের আড়ালে লুকিয়ে বসে ঘাঁটি পাহারা দিত আইএস জঙ্গিরা । এদের কাবু করার জন্য এলোপাথাড়ি বোমা বর্ষণ করে মার্কিন বায়ুসেনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক অস্থায়ী জঙ্গি ঘাঁটি । একদিকে এয়ারস্ট্রাইক, অন্যদিকে লাগাতার গুলি চালিয়ে জঙ্গিদের কোণঠাসা করছিল ডেল্টা ফোর্স । ফলে কিছুক্ষণের মধ্যেই বাগদাদির সুরক্ষা বলয় তছনছ হয়ে যায় । মারা পড়ে তার অধিকাংশ দেহরক্ষী । বাগদাদির ডেরায় যখন ধীরে ধীরে ঢুকে পড়ে সেনারা সবচেয়ে আগে প্রতিঘাত আসে জঙ্গি নেতার স্ত্রীদের তরফে । তাদের পরনেও ছিল সুইসাইড ভেস্ট (আত্মঘাতী জ্যাকেট)। কী প্রবল আক্রমণাত্মক ছিল সেই মহিলারা। বাগদাদির দু’জন স্ত্রীকেই গুলিতে উড়িয়ে দেয় মার্কিন সেনা । গুলি না চালালে আত্মঘাতী জ্যাকেট দিয়ে তারা নিজেদের উড়িয়ে দিত এবং সেই বিস্ফোরণে মারা পড়ত মার্কিন সেনারা।”
জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি আরও জানিয়েছেন, ” দেহরক্ষী ও স্ত্রীদের একে একে ধরাশায়ী হতে দেখে ছুটে একটি অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়ে বাগদাদি। সঙ্গে ছিল তার তিন সন্তান। বাগদাদির পিছু নিয়ে তাকে ধাওয়া করে যায় বেলজিয়ান ম্যালিনয়েস জাতের মার্কিন বাহিনীর ওই জাঁদরেল সেনা-কুকুর। যার ছবি টুইট করে সামনে এনেছিলেন ট্রাম্প। সুড়ঙ্গের ভিতর থেকেও গুলি চালিয়েছিল বাগদাদি। আর্তনাদ করে কেঁধে উঠেছিল। চিৎকার করছিল তার সন্তানেরাও। কারপরই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গুহা। আত্মঘাতী জ্যাকেটের বোতাম টিপে নিজেকে উড়িয়ে দেয় আইএস প্রধান।”