Categories: বর্তমান সময় বিদেশ ভারত

নাগরিকত্ব বিল নিয়ে এবার সরব হল পাকিস্তানের প্রধান মন্ত্রী ইমরান খান

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ গতকাল বেশ নাটকীয়তার মধ্য দিয়ে লোক সভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব বিল । বেশ তর্ক বিতর্কের মধ্য দিয়ে গেরুয়া শিবির তাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আরেকটি প্রতিশ্রুতি পালন করল নাগরিকত্ব বিল পাশের মাধ্যমে । এবার বিজেপির নাগরিকত্ব বিল পাশ করানো নিয়ে সরব হল পাকিস্তানের প্রধান মন্ত্রী ইমরান খান ।

গতকাল সোমবার প্রায় ১২ ঘণ্টা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে রাত ১২ টার সময় ভোটাভুটির মধ্যে দিয়ে নাগরিকত্ব বিল পাশ হয়েছে । ভোটের ফল বিজেপির পক্ষেই যাবে সংখ্যা গরিষ্ঠতার কারনে একথা জানা ছিল । ভোট শেষে দেখা যায় নাগরিকত্ব বিলের পক্ষে ভোট পড়েছে ৩১১ টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৮০ টি । কিন্তু বিলে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত অমুসলিম সম্প্রদায়ের মানুষকে বিনা শর্তে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে ।  ভারত এহেন বিল পাশ করাবে আর পাকিস্তান চুপচাপ বসে থাকবে এটা কখনই সম্ভব নয় ।

সোমবার মাঝরাতে সংসদে পাশ  নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে যাবার পর  রাত পার হতে না হতেই তীব্র প্রতিক্রিয়া জানাল পাকিস্তান সরকার । পাকিস্তানের প্রধান মন্ত্রী ইমরান খান, আজ মঙ্গলবার সকালে  টুইট করে জানান,  “নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও পাকিস্তানের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করেছে ভারত। আমরা এর তীব্র নিন্দা করছি। এটা আরএসএস-এর ‘হিন্দু রাষ্ট্র’ তৈরি করার একটা ধাপ। ফাসিস্ত মোদী সরকার সেই কাজই শুরু করেছে।”

অবশ্য নাগরিকত্ব বিল সংশোধন নিয়ে বিজেপি সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানান, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত অমুসলিম সম্প্রদায় কোন প্রকার নথি ছাড়াই ভারতের নাগরিকত্ব পাবেন । এছাড়া উল্লেখিত স্থানের মুসলিম সম্প্রদায়ের কেউ ভারতীয় নাগরিকত্ব নেবার জন্য আবেদন করলে সেটি বিবেচনা করে দেখা হবে । উল্লেখ্য, পাকিস্তান ছাড়াও আমেরিকা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে । সংসদে নাগরিকত্ব বিল পাশ করানোর বিপক্ষে জোর সওয়াল করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Kajal Paul

Kajal Paul is one of the Co-Founder and writer at BongDunia. He has previously worked with some publishers and also with some organizations. He has completed Graduation on Political Science from Calcutta University and also has experience in News Media Industry.