Categories: বর্তমান সময় বিদেশ

পাকিস্তানের অভিনেত্রী রবি পিরজাদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে নিজে বিপদে

বং দুনিয়া ওয়েব ডেস্ক: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বিভিন্ন স্তরের লোকজন ভারতকে হুমকি দিতে থাকে। তারই এক কাঠি উপরে উঠে পাকিস্তানের অভিনেত্রী পপশিল্পী রবি পিরজাদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অজগর সাপ দেওয়ার হুমকি দেন। মোদিকে হুমকি দিয়ে তিনি আলোচনা ও সাময়িক উত্তেজনাও ছড়িয়েছিলেন। এবার অভিনেত্রী নিজেই বিপদে পড়েছেন। পাকিস্তানের বন্য প্রাণী অধিকার কর্তৃপক্ষ তাকে তলব করেছে।

পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা জানা যায় কুমিরসহ সরীসৃপ প্রাণীকে পোষ্য হিসেবে রাখার অভিযোগ উঠেছে রবি পিরজাদার বিরুদ্ধে। অজগরসহ সরীসৃপ প্রাণীগুলোকে নিজের বিউটি পারলারে রাখতেন ওই পপশিল্পী। তবে বন্য প্রাণীদের এভাবে পোষ্য বানিয়ে রাখা পাকিস্তানের আইনে অপরাধ। আর সে জন্যই বন্য প্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ তুলে পাঞ্জাব ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এবং পার্কস ডিপার্টমেন্ট রবি পিরজাদার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল।

পাকিস্তানের বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্যানের মহাপরিচালক লে. (অব.) সোহেল আশরাফ বলেছেন, আইন অমান্য করার অভিযোগে রবি পিরজাদাকে দুই বছরের সাজা ভোগ করতে হতে পারে। তাঁকে গত শনিবার আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ কারনে তার সাজাও হতে পারে।

তবে রবি পিরজাদা নোটিশ পাওয়ার বিষয়টি অস্বীকার করেন। পাকিস্তানের বন্য প্রানী সংরক্ষন আইনে রবি পিরজাদাকে দুই থেকে তিন বছরের সাজা সহ ২০ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করা হতে পারে। কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের পর এই অভিনেত্রী নরেন্দ্র মোদির প্রতি ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপ দেওয়ার হুমকি প্রদান করেন। একইসাথে তিনি কাশ্মীরকে যে তাঁরা পাকিস্তানের কাছ থেকে কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না, তা বলেও ভারতীয়দের সাবধান করে দিয়েছিলেন রবি।

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.