বর্তমান সময়

বোর্ডের আইন অগ্রাহ্য করেছেন ভারতীয় ক্রিকেটার, কী হবে শাস্তি?

বং দুনিয়া ওয়েব ডেস্কঃ চলতি বছর সম্পন্ন হয়ে যাওয়া ‘ক্রিকেট বিশ্বকাপ ২০১৯’ নিয়ে ভারতীয় ক্রিকেট দল ছাড়াও দেশের জনপ্রিয় তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলের আবেগ লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারতের হাতে পৌঁছাতে পারেনি বিশ্বকাপ। সেমি ফাইনালের মাঠ থেকেই হতাশ হয়ে ফিরে আসতে হয় ভারতীয় ক্রিকেট বাহিনীকে।

ভারতীয় ক্রিকেটাররা এখনও সম্পূর্ণভাবে পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে পারেননি, এরই মধ্যে আইন ভঙ্গের দোষ আরোপিত হল ভারতের জনৈক ক্রিকেটারের ওপর।

বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে গত ২১শে মে বি সি সি আই মিটিং-এ একটি সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। সেখানে বলা হয় যে, যদি কোনো ক্রিকেটার তাঁর পরিবারের সদস্যকে ১৫ দিনের বেশি সঙ্গে রাখতে চান, তবে তাঁকে দলের অধিনায়ক, কোচ কিংবা ম্যানেজারের কাছ থেকে অনুমতি নিতে হবে।

উক্ত ঘোষণার কিছুদিন পরই ভারতীয় ক্রিকেট দলের জনৈক সিনিয়র ক্রিকেটার নিজের স্ত্রীকে গোটা বিশ্বকাপ চলাকালীন সময়ে সঙ্গে রাখতে চান। জানা যায় যে ক্রিকেটারের সেই আবেদন বোর্ডের তরফ থেকে নাকচ করে দেওয়া হয়। বলা বাহুল্য, তখন সেই ক্রিকেটার বোর্ডের নিয়ম অগ্রাহ্য করে পুরো বিশ্বকাপ(৭ সপ্তাহ) স্ত্রীকে নিজের সঙ্গে রেখে দেন।

তবে বিষয়টি নিয়ে এখনও কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরের কাছে লিখিত ভাবে কিছু জানানো হয়নি। এপ্রসঙ্গে বিসিসিআইয়ের জনৈক কর্মকর্তা বলেছেন, “প্রশাসনিক ম্যানেজার সুনীল সুব্রমানিয়াম কী করছিলেন? দলের অনুশীলন পর্যবেক্ষণ করা তার কাজ নয়। সেটা দেখার জন্য কোচ, অধিনায়ক এবং অন্যান্য সাপোর্ট স্টাফরা আছেন। আশা করি প্রশাসক কমিটি এ বিষয়ে ম্যানেজারের কাছ থেকে রিপোর্ট চাইবে।”

যদিও সেই ক্রিকেটারের নাম এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে আসেনি, তবে আসন্ন বোর্ড মিটিং-এ বিষয়টি তুলে ধরা হবে বলে অনুমান করা যাচ্ছে। আর সেক্ষেত্রে আইন ভাঙার অপরাধে শাস্তি ভোগ করতে চলেছেন ওই ক্রিকেটার।

This post was last modified on 22nd জুলাই 2019 4:19 অপরাহ্ন

Atanu Chakraborty

Atanu Chakraborty is a content and news writer at BongDunia. He has completed his Bachelor Degree on Mass Communication from Rabindra Bharati University. He has worked with mainstream media, in the capacity of a reporter and copywriter.