বং দুনিয়া ওয়েব ডেস্ক: প্রিয় তারকার সাক্ষাৎ পেতে ভক্তদের পাগলামি এর আগেও দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হতে দেখা গেলো তেমনই আরও এক ভক্তকে। নিজের প্রিয় তারকার সাক্ষাৎ পেতে ৯০০ কিলোমিটার পথ পায়ে হেঁটেই অতিক্রম করলেন এই ভক্ত।
সূত্র থেকে জানা যায়, সম্প্রতি বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার এর সাথে সাক্ষাৎ করতে তাঁর এক ভক্ত গুজরাট থেকে মুম্বাই পর্যন্ত ৯০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে ফেলেন।
ছোট থেকেই অক্ষয়’কে ভীষণ ভালবাসেন তাঁর এই ভক্ত। কিন্তু তাই বলে এই ধরণের পাগলামি? এমনকি ভক্তের পাগলামি’তে নিজেও হতবাক হয়ে গেছেন ‘মিশন মঙ্গল’ অভিনেতা অক্ষয় কুমার। পাশাপাশি খুশিও যে হয়েছেন, তা নিশ্চিত ভাবে বলা যায়।
অক্ষয় এর সাথে দেখা করার পর অক্ষয় তাঁর ভক্তকে জিজ্ঞাসা করলেন, “কেন করলে এমন?”। এর পরিবর্তে ভক্ত জানায়, “ছোট থেকেই আপনার ভক্ত আমি। আপনার বিষয়ে সব জানি। আপনার মতই ফিটনেস ভালোবাসি। তাই এতটা পথ হেঁটেছি।”
সূত্র থেকে জানা যায়, গুজরাট থেকে মুম্বাই পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছাতে অক্ষয় এর ওই ভক্তের মোট সময় লেগেছে ১৮ দিন। ভক্তের এহেন অনুরাগ দেখে অক্ষয় নিজেই তাঁর সঙ্গে সেলফি তুললেন। এছাড়া ভক্তের সঙ্গে আলাপ মুহূর্তের ভিডিও করে তা সামাজিক গণমাধ্যমে শেয়ারও করলেন বলিউডের খিলাড়ি।
এরপর নিজের ভক্তকে অক্ষয় বললেন, “তোমাদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি সব সময়ই দারুণ। যে ভালোবাসা আমাকে দিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু একটা অনুরোধ, এমনটা আর কোরোনা। সময় ও শক্তির দিকে নজর দিয়ে জীবনে উন্নতি করো। আর সেটাই আমাকে সবচেয়ে বেশী আনন্দিত করবে।”