বং দুনিয়া ওয়েব ডেস্কঃ রাম মন্দির বিজেপির একটা চ্যালেঞ্জ । বহু দিন ধরে চলে আসছে এই মামলা ।সুপ্রিম কোর্ট ফের তারিখ পরিবর্তন করে আজ মামলার শুনানির কথা বলেছিল । সেই হিসাবে আজই অযোধ্যা মামলার শুনানি শেষ হবার কথা । কিন্তু অযোধ্যা মামলার শেষ দিনের শুনানিতে রীতিমতো নাটক দেখা গেল সুপ্রিম কোর্টে । টান টান উত্তেজনা বিরাজ করছিল আদালত চত্তরে কিন্তু দুপুর গড়াতেই তুমুল উত্তেজনা তৈরি হয় । শুনানির মধ্যেই, বিতর্কিত জমির একটি মানচিত্র ছিঁড়ে ফেলেন ওয়াকফ বোর্ডের আইনজীবী । এর ফলে শুরু হয়ে যায় চরম বিশৃঙ্খলা ।চরম বিশৃঙ্খলার মধ্যে বিরক্ত হয়ে অন্যান্য বিচারপতিদের নিয়ে আদালত ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ।
আদালতের কাজ ঠিক মত চলছিল । কিন্তু মাঝখানে উত্তেজনা শুরু হয় একটি বইকে কেন্দ্র করে । রাম জন্মভূমির পক্ষে প্রমাণ হিসেবে কুণাল কিশোরের লেখা একটি বই আদালতে পেশ করার চেষ্টা করেন সর্বভারতীয় হিন্দু মহাসভার আইনজীবী বিকাশ সিংহ । কিন্তু মুসলিম ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবন এর প্রতিবাদ করেন এবং বলেন, “এই ধরনের বইয়ের উপরে সুপ্রিম কোর্টের নির্ভর করা উচিত নয়।” তার পরেই তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বিচারপতিদের জিজ্ঞাসা করেন, “এটা ছিঁড়ে ফেলার জন্য কি আপনাদের অনুমতি পেতে পারি?” প্রশ্ন শুনে বিরক্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, “যা ইচ্ছে, তা-ই করুন।” এর পরেই, বইয়ে থাকা ‘রাম জন্মভূমি’ একটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন মুসলিম ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবন । উল্লেখ্য ঠিক ওই পৃষ্ঠায় ছিল একটি মানচিত্র।
সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠেন বিপক্ষের আইনজীবীরা । আইনজীবীদের মধ্যে চিৎকার আর কথা কাটাকাটি নিয়ে আদালত কক্ষে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় । ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন, “এই সব কাজে আদালতের সব শিষ্টাচার নষ্ট হয়েছে। শুনানি যদি এ ভাবে চলতে থাকে, আমরা উঠব আর সোজা বেরিয়ে চলে যাব।”
আদালতে আইনজীবীরা ছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যম নিউজ কভার করছিল ।এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়তে বেশী সময় নেয়নি । আদালতের মধ্যে দাঁড়িয়ে এই ভাবে নথি ছিঁড়ে ফেলার ঘটনা যে সমর্থনযোগ্য নয় তা জানিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে।
This post was last modified on 16th অক্টোবর 2019 5:09 অপরাহ্ন