Categories: বর্তমান সময় বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার লন্ডনে গেলেন

বং দুনিয়া ওয়েব ডেস্ক: আজ সকাল ৯.৪৫ মিনিটে বাংলাদেশের বর্তমান ২১ তম রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতি লন্ডনে এসময় মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

রাষ্ট্রপতির লন্ডনে যাওয়ার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন এবং ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি), ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন এ তথ্য রাষ্ট্রপতির উপ-প্রেস সবিচ আবুল কালাম আজাদ জানান। প্রসঙ্গত, রাষ্ট্রপতি এর আগে চলতি বছরের মে মাসে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। ৭৫ বছর বয়সী রাষ্টপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবার দ্বিতীয় বারের মত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন। উল্লেখ্য তিনি স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২৪শে এপ্রিল তিনি ২১তম রাষ্ট্রপতি হিসেবে পুন: শপথ গ্রহণ করেন

Shuva

Mr. Shuva is a News and Content Writer at BongDunia. He has worked with various news agencies all over the world and currently, he is having an important role in our content writing team.